উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রামু প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) রাতে রামু থানায় মামলাটি দায়ের করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ও রশিদনগর ইউনিয়নের অংশে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেন।পুলিশের দাবি, শোডাউনের আগের দিন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কর্মসূচির ঘোষণা দেন। পরে মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উদ্বেগ প্রকাশ করেন। এরপর ঘটনাটি তদন্ত করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে রামু থানা পুলিশ।পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।