উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোটার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় অবস্থিত ইউনাইটেড ফিলিং স্টেশনে তালাবদ্ধ অবস্থায় ফেলে যাওয়া একটি কালো রঙের ব্যাগকে ঘিরে শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে নিশ্চিত করে যে, এর ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।পুলিশ সূত্রে জানা যায়, ২৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল আনুমানিক ৬টায় ইউনাইটেড ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরিত্যক্ত ব্যাগটির বিষয়ে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।পুলিশ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ সিএনজিচালিত অটোরিকশায় এসে ফিলিং স্টেশনের একপাশে ব্যাগটি রেখে কিছুক্ষণ পর একই যানবাহনে করে চলে যান।ঘটনার গুরুত্ব বিবেচনায় অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে অবহিত করেন। ঘটনাস্থল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চাওয়া হয়।পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ মোদাছসির-এর নেতৃত্বে ১০ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।ব্যাগ তল্লাশি করে মোছাঃ রেখা বেগম, স্বামী—মোঃ মোশারফ সরকার এবং মোঃ মোশারফ সরকার, পিতা—মোঃ আবু ছুফিয়ান সরকার, সর্বগ্রাম—মধুপুর, ডাকঘর—কল্যাণপুর, থানা—বেলকুচি, জেলা—সিরাজগঞ্জ-এর নামে দুটি জাতীয় পরিচয়পত্র, মোঃ মোশারফ সরকারের ই-ড্রাইভিং লাইসেন্স, এক নারীর ব্যক্তিগত কাপড়, একটি ভ্যানিটি ব্যাগ এবং সমিতির টাকা জমা দেওয়ার বহি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে রেখে যাওয়া হয়েছিল, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।