উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি শটগানই উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সর্বশেষ ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি শটগান উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালনকালে সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সীকে ইঞ্জিনচালিত নৌকাযোগে আসা ৫ থেকে ৬ জন ডাকাত ঘিরে ফেলে। পরে রামদা ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুটি শটগান লুট করে নিয়ে যায়।এ ঘটনায় প্লাটুন কমান্ডার/১১৫১০ মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মো. হাসিনুজ্জামানের তদারকিতে ডিবির খ-জোন ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই (নিঃ) শরীফুল হাসান, এসআই (নিঃ) এস এম আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রূপগঞ্জের চনপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত দ্বিতীয় শটগানটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল।জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সর্বশেষ অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি শটগানই উদ্ধার করা সম্ভব হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।