উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কামাল পাঠান , সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে সরাইল থানায় মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরাইল সাংবাদিক পরিষদ। একই সাথে সাজানো এই মামলা থেকে অবিলম্বে তাঁর অব্যাহতি দাবি করা হয়েছে। আজ এক বিবৃতিতে সরাইল সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পাঠান এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালীন বাজারের বেশ কিছু দোকানপাট ভাংচুর ও লুটপাটের শিকার হয়। এই সহিংসতার ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষই থানায় একাধিক মামলা দায়ের করেছে।অভিযোগে জানা যায়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজারের একটি টং দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা দেখিয়ে সরাইল থানায় আরেকটি মামলা দায়ের করে। ওই মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও পেশাদার সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।সাংবাদিক মাসুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা না হলে সরাইলসহ জেলার সকল প্রেস ক্লাবের সদস্যদের সাথে নিয়ে মানববন্ধনসহ দেশব্যাপী কঠোর আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।একই সাথে বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ টং দোকানে প্রকৃত লুটপাটের ঘটনার সাথে যারা সরাসরি জড়িত, তাদেরকে সিসিটিভি ফুটেজ বা সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।