উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত জাতি গঠনে সরকার কাজ করছে। বর্তমান প্রজন্মকে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে বের করে মাঠমুখী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে পাঠ্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের ১০টি জেলায় ১০টি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে, যেখানে ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, সুইমিংসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সকলের সহযোগিতা কামনা করছে।ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও বন্ধন কোচিং সেন্টার মুখোমুখি হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।