উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সাথে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল সোমবার দলটির দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি।বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতির পাশাপাশি কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়েছে। এতে সারাদেশে ফসল এবং গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। কেবল চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলাতেই প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন এবং এ পর্যন্ত পঞ্চাশের অধিক মানুষের প্রাণহানি ঘটেছে।ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তিনি আরও জানান, সিলেট, হাওরাঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বোরো ও আমন ধান, আউশ বীজতলা, শাকসবজিসহ প্রায় ১ লাখ হেক্টরের বেশি জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া কেবলমাত্র চট্টগ্রামেই ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এর চেয়েও আরও অনেক বেশি বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে ডাকসুর দুইবারের সাবেক এই ভিপি প্রশ্ন তোলেন, আমরা এই পরিস্থিতি মোকাবেলায় আগে থেকে কেন কার্যকর পদক্ষেপ নিতে পারলাম না, এই বিষয়টি বিবেচনা করতে হবে। দুর্যোগ প্রাকৃতিক হোক কিংবা মানবসৃষ্ট, তা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি থাকা দরকার।দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রতি স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপের ওপর জোর দেন মান্না। তবে দেশের লড়াকু জনগণের প্রশংসা করে তিনি বলেন, বরাবরের মতো এবারের দুর্যোগও সাধারণ মানুষ নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় মোকাবেলা করে যাচ্ছেন।বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সকল স্তরের নেতা-কর্মীদের সর্বশক্তি নিয়ে জনগণের পাশে থাকার নির্দেশ দেন। বিশেষ করে স্থানীয় প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে ত্রাণ বিতরণ, উদ্ধার কাজ এবং স্বাস্থ্যসেবা প্রদানে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এর পাশাপাশি দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কাজেও দলীয় নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের জন্য আগাম নির্দেশনা দেন তিনি।