উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চকরিয়া প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুসলিমনগর এলাকায় বাড়ির পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার আলী (৩৫) নামে এক টমটম গ্যারেজ মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত হায়দার আলী স্থানীয় শিব্বির আহমদের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি বাড়িতে চুরির খবর শুনে হায়দার আলী ঘটনাস্থল দেখতে যান। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে তিনি বাড়ির ছাদে উঠলে তার হাতে থাকা ছাতা অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসিক এলাকার এত কাছ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন গেলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।বিদ্যুৎ নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, বসতবাড়ির ছাদের খুব কাছ দিয়ে উচ্চ ভোল্টেজের লাইন থাকলে নির্ধারিত নিরাপত্তা দূরত্ব নিশ্চিত করা, নিয়মিত পরিদর্শন পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কীকরণ ব্যবস্থা রাখা জরুরি। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যায়।এ ঘটনায় স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে বিদ্যুৎ লাইনের অবস্থান বা রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এলাকার ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনগুলো দ্রুত শনাক্ত করে নিরাপদ করার উদ্যোগ গ্রহণ জরুরি।