উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কামাল পাঠান , সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
সিলেট থেকে ট্রাকে করে নিয়ে আসা ৩১টি দেশীয় গরু বিজয়নগর চান্দুরা এলাকায় ডাকাত দলের কবলে পড়ার পর, সরাইল থানা পুলিশের তৎপরতায় গরুসহ ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।আজ শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ডাকাত চক্রের সদস্যদের আটক করতে ইতিমধ্যেই জেলা ডিবি (গোয়েন্দা শাখা) ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম ও সরাইল থানা পুলিশ যৌথ অভিযান শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ৩১টি দেশীয় গরু বোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটির গতিরোধ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে গাড়ির ড্রাইভারকে একটি মাইক্রোবাসে তুলে বিজয়নগরের দিকে এবং হেলপারকে একটি পিকআপ ভ্যানে তুলে সরাইলের দিকে নিয়ে যেতে থাকে।ঘটনাটি সরাইল থানা পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। পুলিশ গরুর ট্রাক ও ডাকাত দলকে আটক করতে ধাওয়া দিলে একপর্যায়ে ডাকাতেরা সরাইলের ধরন্তি এলাকায় গাড়ি দুটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩১টি গরুর ট্রাক ও ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে। চালক ও হেলপারকে উদ্ধার করা হয়েছে।সরাইল থানা পুলিশ জানায়, পলায়নকারী ডাকাত দলের সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানে সরাইল থানা পুলিশকে সহযোগিতা করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম মাঠে নেমেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সরাইল থানা পুলিশ।