উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।” তিনি গুজবে কান না দিয়ে যেকোনো সন্দেহজনক বা অপ্রীতিকর বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।এ সময় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা উৎসবের বিভিন্ন প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। তারা নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন কমিটি, নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দির-এর সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দির-এর সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ হিন্দু ধর্মীয় সংগঠন এবং ইসকন ধর্মাবলম্বী অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।