উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকর করা উচিত।শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, “আজকে একটি ইন্টারভিউ আমরা দেখেছি, যেখানে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। আমরা চাই, তিনি দেশে ফিরুন—তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”তিনি আরও বলেন, “বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।”অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কার সঙ্গে ফিরবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।তিনি বলেন, “এ বিষয়ে দিল্লির সঙ্গে সরকার আলোচনা করবে। এখানে আর কোনো পক্ষ নেই। সরকারই ঠিক করবে, তাকে কখন ও কীভাবে দেশে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে। সব ধরনের প্রস্তুতি নিয়েই তাকে দেশে আনতে হবে।”নাহিদ ইসলাম দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিগত নয়। তিনি বলেন, “দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি না, কীভাবে আসবেন এবং বিচার কার্যকর হবে কি না—এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।”তিনি আরও বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো চেষ্টা হয় এবং সরকার সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই।”জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে এবং এটিকেই তিনি “সঠিক পথ” বলে মনে করেন।তিনি বলেন, “শেখ হাসিনার রায় ইতোমধ্যে হয়ে গেছে। এখন সেটি কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন। আমরাও চাই, সেই রায় কার্যকর হোক।”অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা বক্তব্য দেন।