উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আড়াইহাজার প্রতিনিধি , নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কম্বোডিয়া প্রবাসী সিয়াম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে ঢাকায় নেওয়া হলে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, লষ্করদী মধ্যপাড়া গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও সম্পত্তির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বুধবার বিকেল ৪টার দিকে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার উপস্থিত ছিলেন।স্থানীয়দের দাবি, সালিস বৈঠক শেষে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলেও কিছু সময় পর বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কম্বোডিয়া থেকে ছুটিতে দেশে আসা সিয়ামসহ উভয় পক্ষের অন্তত আটজন গুরুতর আহত হন।আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে তিনি মারা যান।স্থানীয়দের ভাষ্য, নিহত সিয়াম জীবিকার তাগিদে কম্বোডিয়ায় কর্মরত ছিলেন। কয়েকদিন আগে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে।ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার বলেন, "বিকেলে সালিস বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর আমরা চলে আসি। পরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাই।"এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।