উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, বিভিন্ন ইউনিটের কার্যক্রম এবং জেলার অপরাধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলা পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হয়।সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জরা নিজ নিজ ইউনিটের কার্যক্রম ও সদস্যদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে আড়াইহাজার থানার এসআই (নি.) অজিত চন্দ্র বর্মন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার এএসআই (নি.) মো. আব্দুল হামিদ খান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে ফতুল্লা থানার এসআই (নি.) নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই (নি.) মো. শরীফুল হাসানকে পুরস্কৃত করা হয়।এছাড়া ক্লু-লেস মামলা উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এসআই (নি.) মো. রফিক (বিপিএম), এসআই (নি.) নন্দন চন্দ্র সরকার, এএসআই (নি.) মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই (নি.) মো. ফজলে রাব্বীকে সম্মাননা প্রদান করা হয়। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা বিশেষ শাখার এসআই (নি.) মো. শরীফ হোসেন, এসআই (নি.) আশরাফুল সিকদার, এএসআই (নি.) মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকেও পুরস্কৃত করা হয়।পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় গত জুন মাসে বিভিন্ন মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুন ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।