উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
আড়াইহাজারে অলিউল্লাহ নামে এক ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে উপজেলার গ্রুপদী এলাকায় রাস্তার পাশ থেকে চোখ উপড়ানো ও শরীরে ছুরিকাঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার পরমেশ্বরী গ্রামের বাসিন্দা এবং মো. হারুন রশীদের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি এবং তিনি বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে নিহতের বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকেলে আড়াইহাজার থানা পুলিশ মরদেহ উদ্ধারের খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা অলিউল্লাহর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।