উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি ||
মোঃ রকিবুল ইসলাম : পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সঙ্গে আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চ্যানেলটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এনটিভি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যেও নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছে। দেশের সংকটময় সময়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই চ্যানেলটি। ভবিষ্যতেও এনটিভি সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূর কায়েম সবুজ বলেন, এনটিভি শুধু একটি সংবাদ ও বিনোদনমাধ্যম নয়, এটি দেশের সংস্কৃতি ও মূল্যবোধের অন্যতম ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে। অপসাংবাদিকতার ভিড়ে এনটিভি বরাবরই দায়িত্বশীল গণমাধ্যমের পরিচয় বহন করে আসছে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, এনটিভি সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছে। পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এ সময় তিনি এনটিভির অগ্রযাত্রায় সহযোগিতা ও সমর্থনের জন্য উপস্থিত অতিথি ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, গত দুই দশকেরও বেশি সময়ে এনটিভি শুধু একটি সংবাদমাধ্যম হিসেবেই নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মতপ্রকাশের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ, সাংবাদিক ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. ফেরদৌস হাসানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।উল্লেখ্য, ২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এনটিভি। প্রতিষ্ঠার ২৩ বছর পূর্ণ করে দেশের গণমাধ্যম অঙ্গনে সফলতার সঙ্গে ২৪তম বছরে পদার্পণ করল জনপ্রিয় এই টেলিভিশন চ্যানেলটি।