উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এর আওতায় নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।"একটাই লক্ষ্য হতে হবে দক্ষ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর জোহরা বিনতে আবেদীন এবং পদার্থ বিভাগের ইন্সট্রাক্টর মিনহাজুল ইসলাম ভূঁইয়া।প্রধান অতিথি মাশুকুল ইসলাম রাজিব বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের মহাপরিকল্পনার আওতায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সার্বিক উন্নয়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ ইন্সট্রাক্টর মো. বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর জেবুন নাহার।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।