উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
আসন্ন এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উৎসাহ ও দিকনির্দেশনা দিতে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আমলাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পরীক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, নিজেকে প্রমাণেরও একটি সুযোগ। সততা, মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। চরিত্রই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়, তাই কোনো অন্যায় ও মাদকের সঙ্গে আপস করা যাবে না।”জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষাকে ভয় নয়, আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা এবং দৃঢ় মনোবলই সফলতার চাবিকাঠি। তোমাদের অর্জন শুধু ব্যক্তিগত নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয় হবে।”তিনি আরও বলেন, সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণাবলি বিকাশের দিকেও গুরুত্ব দিতে হবে। সরকারের শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগের ফলে মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তাদের মানসিকভাবে সহযোগিতা করা প্রয়োজন। তিনি আশ্বস্ত করেন, প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।অনুষ্ঠান শেষে অতিথিরা পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন এবং তাদের সফলতা কামনা করে দোয়া করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।