উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে সোমবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাষাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে গ্রেফতার হন ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০)। তিনি রূপগঞ্জ উপজেলার তেতলাবো এলাকার বাসিন্দা। তার পিতা মো. তোফাজ্জল হোসেন এবং মাতা মারজাহান বেগম।এ সময় আরও গ্রেফতার করা হয় বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মো. অনিক সরদার (৩৪)-কে। তিনি বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতা মো. মহিদ সরদার এবং মাতা আশুরা বেগম।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।এছাড়া, গ্রেফতারকৃত অনিক সরদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানা এবং মুন্সিগঞ্জ সদর থানায় মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।