উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
চীনা প্রতিষ্ঠানে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র লুটের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক ও অস্ত্র ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া দুটি শর্টগান, একটি এয়ারগান, শর্টগানের ৩৮ রাউন্ড গুলি, একটি হাইয়েস মাইক্রোবাস, একটি ওয়াকিটকি এবং বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বুধবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, সংঘবদ্ধ প্রতারক চক্রটি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চীনা প্রতিষ্ঠান ও ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তারক্ষী হিসেবে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দিত। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অস্ত্রের লাইসেন্সধারী চার ব্যক্তি পৃথকভাবে নিজেদের অস্ত্র নিয়ে সাক্ষাৎ করতে গেলে প্রতারকরা তাদের একটি ভুয়া নম্বর প্লেটযুক্ত হাইয়েস মাইক্রোবাসে তুলে নেয়।পরে চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। এরপর ভুক্তভোগীদের রূপগঞ্জের ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের বিভিন্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা।পুলিশ সুপার জানান, গত ১৭ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত এ ধরনের চারটি পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে জেলা পুলিশ।এর ধারাবাহিকতায় বুধবার পরিচালিত অভিযানে চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।