উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কামাল পাঠান , সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে রাসেল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আরও চারজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ জুন) বিকেল পৌণে ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক চম্পকনগর বাজারের দিকে আসছিল। পথিমধ্যে মিলন বাজার এলাকায় পৌঁছালে চলমান সড়ক নির্মাণকাজের একটি রোলারকে অতিক্রম (ওভারটেক) করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে সেটি রাস্তার পাশে পানিতে তলিয়ে থাকা একটি খালে পড়ে যায়।দুর্ঘটনার পর ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত অন্য চারজন হলেন— ট্রাকচালক আবুল কালাম (৩৫), হেলপার জয়নাল (২২), শ্রমিক আমিনুল হক (২৫) ও শফিকুল ইসলাম (২২)। তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।