উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাবো বাজার এলাকায় অবস্থিত “নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড”-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিপুন সিন্থেটিক লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রবেশ করে প্রতিষ্ঠানের ১৮ থেকে ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ ইরফান হায়দার চৌধুরী (৪৫), পিতা- ইকবাল হায়দার চৌধুরী, মাতা- দিলারা আক্তার, ঠিকানা- ৮৫/সি, পুরানা পল্টন লেন, থানা- পল্টন, ডিএমপি, ঢাকা, রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।মামলাটি রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউলের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।পরবর্তীতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের পরিকল্পনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুকান্ত বাউলসহ আভিযানিক দল চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পাহাড়তলী ও আকবরশাহ থানায় অভিযান পরিচালনা করে।অভিযানে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত মোঃ মুরাদ (৩০), পিতা- মৃত সামছুল আলম, মাতা- মাসুদা বেগম, সাং- নিউ শহিদ লেইন (মহরম আলীর বাড়ি), থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম এবং মোঃ রাসেল (৩২), পিতা- মোঃ নাসির, মাতা- রুমা বেগম, সাং- সর্বাতুলী, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে শহিদ লেইন (কাদেরের ভাড়া বাড়ি), থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের দখল থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ২টি এয়ার কম্প্রেশার মেশিন ও ২টি পানির পাম্প উদ্ধার করে জব্দ করা হয়েছে।পরে গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।