উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন ডেস্ক ||
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১:৩০টায় বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আলোচনায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়।বৈঠকে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সুইজারল্যান্ডকে আরও বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।