উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আইন লঙ্ঘন করে কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ বা তাদের সহযোগী সংগঠনের কেউ নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে হবে।সোমবার (২২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত “আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল” কর্মসূচি শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগ ৫ আগস্টের জুলাই বিপ্লবকে অগ্রাহ্য করে পুনরায় রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের মাধ্যমে তারা রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।তিনি আরও বলেন, আওয়ামী লীগকে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে এবং আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে। তারা যদি রাজনীতি করতে চায়, তবে তাদের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা আইনগত প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে। অন্যথায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পাড়া-মহল্লায় সতর্ক নজর রাখতে হবে যাতে নিষিদ্ধ সংগঠনগুলো কোনো মিছিল-সমাবেশ করতে না পারে। কেউ আইন অমান্য করে এমন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।এর আগে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ জিয়া হলের সামনে এসে শেষ হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, শওকত হাশেম শকু, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।