উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সজীবের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে জেলা কমিটিকে অবহিত করা হয়েছে।এর আগে শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেলে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।উল্লেখ্য, খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে।