উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় অবমাননা, উপাসনালয়ে হামলা এবং উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক শংকর দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এ কর্মসূচিতে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে টনি মল্লিক বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে বসবাস করে আসছে।”তিনি আরও বলেন, “কিছু সুবিধাবাদী গোষ্ঠী ধর্মীয় বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” একই সঙ্গে তিনি সকলকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের পাশাপাশি অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।সমাবেশ থেকে বক্তারা ধর্মীয় অবমাননা ও উপাসনালয়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।