উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ থেকে বগুড়া প্রস্তাবিত রেলপথে সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে 'এই কর্মসূচির আয়োজন করা হয়। তীব্র রোদ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ব্যানার, ফেস্টুন হাতে এই মানববন্ধনে অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, এবং 'জনতার মেয়র' হিসেবে পরিচিত সাইদুর রহমান বাচ্চু।প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, "সিরাজগঞ্জ ও বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই রেলপথের সুফল পুরোপুরি পেতে হলে রায়পুরে রেল জংশন স্থাপন করা সময়ের দাবি। রায়পুরে জংশন হলে তা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি সিরাজগঞ্জবাসীর ন্যায্য দাবি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।" তিনি অবিলম্বে জনদাবি মেনে নিয়ে রেল জংশন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রায়পুরে রেল জংশন না হলে সিরাজগঞ্জের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য বৈষম্যের শিকার হবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে সিরাজগঞ্জের ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে এখানে জংশন স্থাপন করা অত্যন্ত জরুরি।'সিরাজগঞ্জ বাসী'র স্থানীয় নেতৃবৃন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। কর্মসূচি থেকে দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।