উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেখ নিয়াজ মোহাম্মদ ||
কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (২০ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।র্যাব-১১ সূত্রে জানা যায়, মাদক নির্মূল এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী বলদাখাল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বৈশাখী আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে অভিযান চালায়।অভিযানে ২০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর টাকই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।র্যাব-১১ আরও জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।