উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে উপেক্ষা করে কেউ যদি শাসনব্যবস্থা পরিচালনার চেষ্টা করে, তাহলে দেশের জনগণ তাদের সামনে হিমালয় পর্বতের মতো দৃঢ় অবস্থান নেবে। তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় ক্যাডার ও নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, “গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বাজেটের মাধ্যমে প্রায় ২৯ লাখ কোটি টাকা লুটপাট করেছে। বর্তমান সরকার যেন সেই পথ অনুসরণ না করে এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়।”তিনি আরও বলেন, গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।সম্মেলনে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়।