উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কামাল পাঠান , সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টিঘর পূর্বপাড়া এলাকায় একটি বিপজ্জনক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খুঁটিটির গোড়ার অংশ সম্পূর্ণ জং (মরিচা) ধরে ভেঙে দুই টুকরো হয়ে আলগা হয়ে গেছে। অথচ, এই ভাঙা খুঁটিটির ওপর দিয়েই এখনো সচল রয়েছে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন। যেকোনো মুহূর্তে খুঁটিটি ভেঙে পড়ে বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আজ শুক্রবার সকালে সরেজমিনে টিঘর পূর্বপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, লোহার তৈরি একটি সরকারি বিদ্যুৎ লাইনের খুঁটি মাটির সংযোগস্থল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। খুঁটিটির নিচের অংশ ভেঙে ঝুলে থাকলেও শুধুমাত্র ওপরের তারের টানে কোনো রকমে এটি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। একটু জোরে বাতাস বা ঝড়-বৃষ্টি হলেই খুঁটিটি ভেঙে ধসে পড়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। অথচ এই ঝুঁকিপূর্ণ খুঁটির নিচ দিয়েই প্রতিদিন চলাচল করছেন এলাকার শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, খুঁটিটির এই মরণফাঁদ সদৃশ অবস্থার কথা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষকে একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারী এটি সংস্কার বা পরিবর্তনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেননি।এলাকাবাসী প্রশ্ন তুলে বলেন, "কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা কেন ঘুমিয়ে আছেন? এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটলে এবং কারো প্রাণহানি হলে এর দায়ভার কে নেবে?"এলাকার সচেতন মহল অবিলম্বে যেকোনো বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং জানমালের নিরাপত্তা রক্ষার্থে জরুরি ভিত্তিতে এই ভাঙা খুঁটিটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের জন্য পিডিবি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ ও জোর দাবি জানিয়েছেন। উক্ত বিষয় নিয়ে সরাইল বিদ্যুৎ কর্মকর্তা শামীম পাটোয়ারীর সাথে কথা বললে তিনি দৈনিক অগ্নিশিখাকে জানান ভেঙ্গে যাওয়া খুটির বিষয়টি আমার জানা নেই আপনারা শহিদুলের সাথে যোগাযোগ করুন।