উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে তাদের অপহরণ করে আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল প্রায় ৩টার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের একটি দল আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। অভিযানে অংশ নেন এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির আহমেদ ও কনস্টেবল আকাশ আহমেদ।অভিযান চলাকালে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহমেদকে মারধর করে একটি পিকআপে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় নিয়ে আবারও মারধর করা হয়, এতে তারা গুরুতর আহত হন।এদিকে ঘটনাস্থলের স্থানীয়রা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিন সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পুলিশ জানায়, ঘটনার সময় কনস্টেবল আকাশ আহমেদ নিকটস্থ একটি ওয়াশরুমে অবস্থান করায় হামলার শিকার হননি। পরে তিনি ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে পুরো ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।