উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) নুরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা।বুধবার (১৭ জুন) সকালে উল্লাপাড়া উপজেলার আরএস এলাকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিএম নুরুল হুদা নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। ফলে সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত জটিলতা ও অন্যান্য সেবা গ্রহণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেবা নিতে এসে বিভিন্ন ধরনের হয়রানি ও বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি করেন তারা।বক্তারা আরও অভিযোগ করেন, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে বিভিন্ন স্থানের গাছ কেটে বিক্রিসহ নানা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট জিএম জড়িত রয়েছেন। এছাড়া অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলে ধরেন তারা।এ বিষয়ে এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করে জিএমের অপসারণ দাবি জানিয়েছেন স্থানীয়রা।মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন সোলায়মান, মোছা. সুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন ও মনসুরসহ স্থানীয় বাসিন্দারা।তবে অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার নুরুল হুদা বলেন, “কিছু দালাল ও ইলেকট্রিশিয়ান ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধনের আয়োজন করেছে।”