উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বর্তমান সরকার ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে ১৩ জুন (শনিবার) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। এ সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী বিভিন্ন স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে উপস্থিত জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ কর্মসূচির সফল বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।