উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ বিআরটিএর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে মোট ৮৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে। তাই সমাজের সব ক্ষেত্রে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শব্দের ব্যবহার নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।প্রশিক্ষণে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, এর প্রতিরোধে করণীয় এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক ওসমান গনি প্রমুখ। অনুষ্ঠানে টি আই (অ্যাডমিন) এম এ করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।