উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
আব্দুল্লাহ আল মোমিন : পাবনা জেলায় ভেজাল খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কারসাজি এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আলোচনায় রয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।জেলার কোথাও ভেজাল খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত সেখানে ছুটে যান তিনি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি, অভিযান পরিচালনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে তার সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।নিয়মিত অভিযানের মাধ্যমে জেলার বিভিন্ন বাজার, রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, কাঁচাবাজার ও নিত্যপণ্যের ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন অসাধু ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে, অন্যদিকে সাধারণ ভোক্তারাও স্বস্তি ফিরে পাচ্ছেন।সচেতন নাগরিকরা মনে করেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ভেজাল ও সিন্ডিকেটবিরোধী এই কার্যক্রম অব্যাহত থাকলে বাজারে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন ভোক্তারা।এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, আমি ভোক্তাদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। যত ধরনের বাধাই আসুক না কেন, আমার দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা নিয়মিত কাজ করছি। কখনো মাঠে, কখনো ঘাটে গিয়ে তদারকি করছি। সম্প্রতি জারি হওয়া একটি প্রজ্ঞাপনের আলোকে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না হয়, সে বিষয়েও আমরা নজরদারি করছি।