উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে মর্যাদাপূর্ণ এই পদে এক বছরের জন্য নির্বাচিত হন।মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত আনুষ্ঠানিক নির্বাচনে সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট।নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।ফলাফল ঘোষণার সময় সাধারণ পরিষদ কক্ষে উপস্থিত ছিলেন খলিলুর রহমান। বিজয়ের ঘোষণা শোনার পর তাকে দুই হাত তুলে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে দেখা যায়। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে সাধারণ পরিষদে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি।এই জয়ের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। একই মাসের ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক, যেখানে বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।বাংলাদেশের জন্য এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থান ও নেতৃত্বের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।