উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুকে টোলমুক্ত ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ১৯৯৪ সালের ২৩ জুন মহানন্দা নদীর ওপর নির্মিত এই সেতু জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন।বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে প্রতিষ্ঠিত এই সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের প্রতীক। তাই এ ধরনের একটি সেতুতে টোল আদায় জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত।সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা, টোল আদায় কার্যক্রম বন্ধ করে জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার স্বার্থে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।এ সময় সম্ভাব্য ইজারাদারদের আসন্ন দরপত্রে অংশগ্রহণ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নতুন দরপত্র বিক্রি না করার অনুরোধ জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে সেতু টোলমুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি আসগার আলী, সাধারণ সম্পাদক মেসবাহুল হক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের দীর্ঘদিনের এই দাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত মহানন্দা সেতুকে টোলমুক্ত ঘোষণা করবে।