উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ৩য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন সি.আর. মামলা নং ৭১১/২০২৫ (ধারা ৪২০/৪০৬/৫০৬/৩৪, বাংলাদেশ দণ্ডবিধি) মামলার চার আসামির বিরুদ্ধে আদালতে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশনা অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মামলার বাদী রুবেল মিয়ার অভিযোগ অনুযায়ী, আসামি মিজানুর রহমান, নূর মুহাম্মদ ওরফে মহারাজ, নিজামুদ্দিন ওরফে আপন আহমেদ নিজাম এবং সেলিনা বেগম আদালতে হলফনামা দাখিল করে বাদীর পাওনা ১৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের অঙ্গীকার করেন। ওই অঙ্গীকারের ভিত্তিতেই তারা আদালত থেকে জামিন লাভ করেন।পরবর্তীতে গত ১০ মে ২০২৬ তারিখে আসামিরা পুনরায় হলফনামা দিয়ে ২৪ মে ২০২৬-এর মধ্যে সম্পূর্ণ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে তারা আত্মগোপন করেন বলে অভিযোগ করেন বাদী। তিনি জানান, একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আসামিদের কাছ থেকে কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি।মামলার নথি সূত্রে জানা যায়, আদালতের নির্দেশনা উপেক্ষা করে অনুপস্থিত থাকায় গত ২৪ মে ২০২৬ তারিখে চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।বাদী রুবেল মিয়া বলেন, “আদালতে দেওয়া অঙ্গীকারের প্রতি আস্থা রেখে আমি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছি। কিন্তু আসামিরা প্রতিশ্রুতি ভঙ্গ করে আত্মগোপনে যাওয়ায় আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাই।”তিনি আরও অভিযোগ করেন, সেলিনা বেগম নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছেন। এছাড়া আসামিরা কথিতভাবে অস্তিত্বহীন বা জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বলে দাবি করেন তিনি।তবে এসব অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।মামলার পরবর্তী আইনগত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।