উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেন ও খাল পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ফতুল্লা, কাশীপুর, এনায়েতনগর, বক্তাবলী, আলীরটেক, গোগনগর ও কুতুবপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ড্রেন ও খাল থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে।এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলগুলোতে মশক নিধন কার্যক্রমও চলছে।নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। তবে এ ক্ষেত্রে জনগণের সচেতন অংশগ্রহণও জরুরি।তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।এদিকে স্থানীয় বাসিন্দারা ড্রেন পরিষ্কার কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত তদারকি ও জনসচেতনতা নিশ্চিত করা গেলে এর সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।