উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণে না আসায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’ ঘোষণা করে আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় সমন্বিত ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তিনি।আজ (সোমবার) দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিবৃতিতে সাইফুল হক বলেন, ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত উদ্বেগ ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন ঈদের লম্বা ছুটিতে এই পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদের ছুটিতে যাতে চিকিৎসা সেবা কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি তাগিদ দেন তিনি।পাশাপাশি হামে মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হামে মৃত্যুর সাথে অপুষ্টি ও ডায়রিয়ার সম্পর্কের পাশাপাশি অন্য কোনো নতুন ভাইরাসের সম্পর্ক আছে কি না, গবেষক ও চিকিৎসকদের তা দ্রুত খুঁজে বের করা দরকার।বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোটি কোটি মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সড়ক ও নৌপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াত না করার জন্য তিনি দেশবাসীকে সচেতন থাকারও অনুরোধ করেন।