উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার, নারায়ণগঞ্জ ||
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট, বাজার ও ফাঁকা হয়ে যাওয়া বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি ঈদকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।তিনি বলেন, ঈদ উপলক্ষে কোরবানির পশুর হাট, ব্যাংক, বিপণিবিতান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এছাড়া যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন, তাদের ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় পুলিশি টহল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক আরও বলেন, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।তিনি জানান, কোরবানির পশুর হাটে জাল টাকা শনাক্তে বিশেষ বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।জেলা প্রশাসক বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাশত করা হবে না। মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদ পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য।এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।