উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট, সড়ক ও মহাসড়কে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১। সম্ভাব্য অপরাধ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় কয়েকটি পশুর হাট পরিদর্শন করেন র্যাব-১১ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. আব্দুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে র্যাব কর্মকর্তারা পশু ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও হাটের ইজারাদারদের সঙ্গে কথা বলেন। তারা জানান, হাট এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাতে হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া কোরবানির পশু কেনাবেচার সময় জাল টাকা লেনদেন, মলম পার্টির তৎপরতা ও বিভিন্ন প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মো. আব্দুর রশিদ।