উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিজান, কুদরত ও জনি।স্থানীয় সূত্রে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী সাব্বির ও তার সহযোগীরা এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাব্বিরের বাসায় তল্লাশি করে। এ সময় প্রায় ২ হাজার পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অন্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।