উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এসব কার্যক্রম সম্পন্ন হয়।সকালে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন ইউনিটের সব পদমর্যাদার পুলিশ সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন।পরে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জরা পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের সদস্যদের পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা মডেল থানার এসআই নন্দন চন্দ্র সরকার এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে বন্দর থানার এএসআই জহিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মাদক উদ্ধার, ক্লু-লেস মামলা শনাক্তকরণ এবং বিশেষ দায়িত্ব পালনে অবদান রাখা একাধিক পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।এ সময় চাকরি জীবনের সমাপ্তি উপলক্ষে পিআরএলগামী কনস্টেবল কাজী এমদাদুল হককে বিদায় সংবর্ধনা জানান পুলিশ সুপার।কল্যাণ সভা শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স স্কুলে “ফল উৎসব-২০২৬” উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি স্কুল প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের ঈদের ছুটিতে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছ রোপণের আহ্বান জানান।পরবর্তীতে দুপুর ১২টায় এপ্রিল মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মামলাসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন।সভায় পুলিশ সুপার অপরাধ দমনে উদ্যোগের অংশ হিসেবে অপরাধ শাখা কর্তৃক প্রস্তুতকৃত ৩০০ ডাকাতের তালিকাসংবলিত রেজিস্টার জেলার সাত থানার অফিসার ইনচার্জ এবং তিনজন সার্কেল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।