উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টায় মন্ত্রিসভার বৈঠক শেষে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসাদের বাসায় যান তিনি। এসময় নিহত শিশুটির বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমদ, আসাদুজ্জামান, আমিনুল হক, শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরর পল্লবীর একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে এ ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।