উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উখিয়া প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।জানা যায়, গত সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় ইয়াবা কেনাবেচার গোপন তথ্য পায় পুলিশ। ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে মোঃ জাহিদ হোসেন (৩৮) নামের এক রোহিঙ্গাকে তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ছিল। এছাড়াও তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে নুর সেহেরা (১৮)-এর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২)-এর কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম।অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।