উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৫৫ জন নারী-পুরুষ প্রার্থী নির্বাচিত হয়েছেন।সোমবার (১৮ মে) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক-উত্তর) আরাফাতুল ইসলাম, টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের হাসিনুজ্জামানসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেককে আনন্দাশ্রু ঝরাতে দেখা যায়। সহপ্রার্থীদের সঙ্গে কোলাকুলি করে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।জানা গেছে, গত ২১ এপ্রিল সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন ধাপের যাচাই-বাছাই শেষে ৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে মেধা, যোগ্যতা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ৫৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। নবনিযুক্ত সদস্যদের তিনি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।