উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ||
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়নের গাজীবাড়ি সংলগ্ন কাটাখালের উপর নির্মিত প্রধান সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেতুটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমের কাছে খোলা চিঠি দিয়েছেন মোরেলগঞ্জ কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সেই চিঠিতে উল্লেখ করা হয়, এই সেতু দিয়ে প্রতিদিন অন্তত ৪টি গ্রামের হাজারো মানুষ চলাচল করে থাকেন। এটি এলাকাবাসীর বাড়ি যাতায়াতের প্রধান সড়ক এবং একমাত্র কার্যকর যোগাযোগ মাধ্যম। কিন্তু সেতুটির অবস্থা বর্তমানে এতটাই বেহাল যে ভ্যান, মোটরসাইকেল ও পথচারীদের চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে।স্থানীয়রা জানান, জরুরি রোগী পরিবহন ও মালামাল আনা-নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকাল আসন্ন হওয়ায় সেতুটি আরও দুর্বল হয়ে পড়বে এবং বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।চিঠিতে আরও বলা হয়, এলাকাবাসী বহুবার কাঠ-বাঁশ দিয়ে সাময়িক মেরামত করলেও কিছুদিন পরপর আবার সেতুটি ভেঙে পড়ছে। ফলে স্থায়ী সমাধানের জন্য দ্রুত প্রকল্প গ্রহণ প্রয়োজন। খোলা চিঠিতে এমপির কাছে তিনটি দাবি জানানো হয়েছে— দ্রুত সরেজমিনে পরিদর্শন, জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান।চিঠির শেষে বলা হয়, এই সেতু নির্মাণ হলে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ জনজীবনে বড় পরিবর্তন আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।