উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
‘কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। অনুষ্ঠানের শুরুতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ উপস্থাপন করেন।এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।