উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক , ঢাকা ||
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৪ মে) র্যাব-১০ এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লার দাউদকান্দি থানার দুইটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. হৃদয় আহমেদ (২৪) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হৃদয় আহমেদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মাইজপাড়া (দিঘীরপাড়) এলাকায়। তার পিতার নাম মৃত মমিন মিয়া।র্যাব সূত্রে জানা যায়, দাউদকান্দি থানার মামলা নং-১৬, তারিখ ১৭ মার্চ ২০১৯ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনি ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হন। এছাড়া মামলা নং-১৫, তারিখ ১৭ জানুয়ারি ২০২০ এর অপর একটি মাদক মামলায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ মোট চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।