উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নলি সাধু আশ্রমের সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কামতাল পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।কামতাল পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি প্রায় পাঁচ থেকে ছয় দিন আগের। নিহত যুবকের হাত বাঁধা থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। গুমের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মরদেহ নদীতে ফেলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও জাম রঙের টি-শার্ট। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।