উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আড়াইহাজার প্রতিনিধি , নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জলাতঙ্ক আক্রান্ত কুকুরের আক্রমণে একদিনে শিশু ও বৃদ্ধসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। বুধবার (১৪ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ করে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় একটি উন্মত্ত কুকুর পথচারী, শিশু ও বৃদ্ধদের ওপর হামলা চালাতে থাকে। এতে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ অন্তত ২২ জন আহত হন। আহতদের অনেকেই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কামড়ের শিকার হয়েছেন।আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিকিৎসকরা আহতদের দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।তারা শিশুদের ঘরের বাইরে একা না যেতে সতর্ক করছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এখন জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।সচেতন মহল বলছে, জলাতঙ্ক আক্রান্ত কুকুরের বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত আক্রান্ত কুকুর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।এদিকে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে চলাফেরা না করতে এবং কুকুরের আক্রমণের শিকার হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যসেবাকর্মীরা।